মাদকমুক্ত রাখতে নেছারাবাদে ঐতিহাসিক কলার ভেলা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় যুব সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক কলার ভেলা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা।

পবিত্র ঈদুল আযহার ৫ম দিনে, সোমবার (১ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া সংলগ্ন বেলুয়া নদীর তীরে অনুষ্ঠিত হয় ১০ম ঐতিহাসিক উড়িবুনিয়া তালুকদারবাড়ী কলার ভেলা বাইচ ও সাঁতার প্রতিযোগিতা। এতে শত শত দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানটির আয়োজন করে মানব কল্যাণ ফাউন্ডেশন “শেষ ঠিকানা”, সার্বিক সহযোগিতায় ছিল স্থানীয় যুবসমাজ। সংগঠনটির আহ্বায়ক সুলতান মাহমুদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশগ্রহণ করেন, যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের শিল্পবিষয়ক সম্পাদক নরুল আলম বিপ্লব, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, ‘সবার আগে বলদিয়া’ টিমের সভাপতি মো. মাসুদ পারভেজ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. কিবরিয়া।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয়রা এই আয়োজনকে এলাকার ঐতিহ্য সংরক্ষণ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকমুক্ত ও সামাজিকভাবে সচেতন রাখতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে। আগামী বছর থেকে কলার ভেলার পরিবর্তে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজনেরও পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, “শেষ ঠিকানা” নামের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি অসহায় মানুষের দাফন-কাফনের ব্যবস্থা করা ছাড়াও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করে থাকে। সংগঠনের আয়ের উৎস হিসেবে সদস্যদের দৈনিক এক টাকা সঞ্চয়ের উদ্যোগ চালু রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *