মাহমুদ হোসেনের সমর্থনে বিক্ষোভ

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেনের সমর্থনে নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে লিফলেট বিতরণও করা হয়।

সোমবার বিকেলে নেছারাবাদ উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়। এর আগের দিন রবিবার মাহমুদ হোসেনের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণের সময় সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুল ইসলাম। বক্তারা অভিযোগ করে বলেন, পিরোজপুর-২ আসনে দলের প্রাথমিক মনোনয়ন এমন এক পরিবারকে দেওয়া হয়েছে যারা অতীতে একাধিকবার জামানত হারানোর নজির রেখেছে। তারা দাবি করেন, তৃণমূলে জনপ্রিয় ও ত্যাগী নেতা মাহমুদ হোসেনকে চূড়ান্ত মনোনয়ন না দিলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বাড়তে পারে।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা জনগণের রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা বহন করে। এ কর্মসূচিতে হামলা গণতান্ত্রিক রাজনীতির ওপর আঘাত।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইমাম উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আমিনুল ইসলাম মিজান, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাইমুল ইসলাম, যুবনেতা মো. মামুন সরদার এবং মহিলা দল নেত্রী শাহিদা বেগম।

সমাবেশ শেষে নেতাকর্মীরা মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে শান্তিপূর্ণ মিছিল করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *