সমুদয়কাঠি ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের উঠান বৈঠকে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, উঠান বৈঠকে অংশ নিতে আসা সমর্থকদের জোরপূর্বক ধানের শীষের মিছিলে যুক্ত করা হয়।
ঘটনাটি ঘটে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সমুদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম সাঈদের বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা যায়, উঠান বৈঠক চলাকালে নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এসএম শাকিল আহম্মেদের নেতৃত্বে শতাধিক লোক নিয়ে একটি ধানের শীষের মিছিল সেখানে উপস্থিত হয়। এ সময় ঘোড়া প্রতীকের সমর্থকদের হুমকি ও চাপ সৃষ্টি করে জোর করে মিছিলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন উপস্থিত কয়েকজন।
উঠান বৈঠকে অংশ নেওয়া একাধিক সমর্থক জানান, তারা স্বতন্ত্র প্রার্থীর সভায় অংশ নিতে গেলেও পরিস্থিতির কারণে বাধ্য হয়ে মিছিলে যোগ দিতে হয়। এতে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেনের পক্ষ থেকে বলা হয়, এটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং পরিকল্পিতভাবে ভোটারদের মধ্যে ভয়ভীতি ছড়ানোর অপচেষ্টা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় উঠান বৈঠকের স্থানদাতা ও সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম সাঈদ বলেন, আমার বাড়িতে একটি শান্তিপূর্ণ উঠান বৈঠক চলছিল। হঠাৎ করে মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমি কোনো সহিংসতা বা জোরজবরদস্তির পক্ষে নই। নির্বাচনে সবাই যেন শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করতে পারে এটাই আমার প্রত্যাশা।
তবে অভিযোগের বিষয়ে বিএনপি বা সংশ্লিষ্ট ছাত্রদল নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তাদের নজরে আসার পরেই সরজমিনে স্থান পরিদর্শন করে পুনরায় উঠান বৈঠকের সুযোগ করে দিয়েছে। কোন প্রকার নির্বাচনী সহিংসতা যাতে না হয় সে ব্যাপারে প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে।
