নিজস্ব প্রতিবেদক: সরকারি স্বরূপকাঠি কলেজের দুই জন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা সহকারী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের জনাব খাদিজা ইয়াসমিন যূথি এবং ইংরেজি বিভাগের জনাব অনিমেষ বসু প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন। এ পদোন্নতিতে কলেজের শিক্ষক সমাজে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত বৃহস্পতিবার মধ্যরাতে বড় পরিসরে এই পদোন্নতির প্রজ্ঞাপন জারি করে। একযোগে সারাদেশে ১ হাজার ৮৭০ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে উন্নীত করা হয়, যা সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় পদোন্নতি কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে। এই পদোন্নতির মাধ্যমে কর্মকর্তারা জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডভুক্ত হবেন, যেখানে মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়ে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত উন্নীত হয়।
তবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা আগের পদায়নস্থলেই দায়িত্ব পালন করবেন। কারণ তাঁদের ইনসিটু পদোন্নতির মাধ্যমে নিজ নিজ কলেজে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যবস্থা প্রতিষ্ঠানিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি শিক্ষাক্রমে ধারাবাহিকতা নিশ্চিত করবে।
সরকারি স্বরূপকাঠি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে, এই পদোন্নতি শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষকদের মনোবল উন্নীত করতে সহায়ক হবে।
