স্বরূপবার্তা ডেস্ক: পিরোজপুর-২ আসনকে সামনে রেখে স্বরূপবার্তা পরিচালিত এক ফেসবুক জরিপে জামায়াত সমর্থিত প্রার্থী শামীম সাঈদী উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন। জরিপটি ২২ নভেম্বর রাত ১০টা ৩২ মিনিটে শুরু হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার বেশি সময় চলেছে। এতে মোট ১,০৯২ জন ভোটার অংশ নেন। এর মধ্যে ৮২৯ ভোট (৭৫%) পেয়েছেন শামীম সাঈদী এবং ২৬৪ ভোট (২৫%) গেছে বিএনপির প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের ঝুলিতে। অনলাইন ব্যবহারকারীদের ভোটাভিমত স্থানীয় রাজনৈতিক পরিবেশের একটি তাৎক্ষণিক প্রতিচ্ছবি হিসেবে দেখা যেতে পারে।
জরিপের ফলাফলে দেখা যায়, বিএনপির ঘোষিত প্রার্থী নিয়ে তৃণমূলের মধ্যে যে দীর্ঘদিনের অসন্তোষ তৈরি হয়েছে, তা সামাজিক মাধ্যমেও প্রতিফলিত হচ্ছে। নেছারাবাদের বিভিন্ন ইউনিয়নে মনোনয়ন পরিবর্তনের দাবি, মশাল মিছিল, তৃণমূল নেতাদের প্রকাশ্য সমালোচনা এবং উঠান বৈঠকের মাধ্যমে এই বিভাজন আরও স্পষ্ট হয়ে উঠেছে। এসব কর্মকাণ্ড বিএনপির সংগঠনগত অবস্থানকে দুর্বল করেছে, যা জরিপে ভোটের ব্যবধানেও প্রকাশ পেয়েছে। অনেকেই মনে করেন, সংগঠনের ভেতরের ভাঙন ও আস্থাহীনতা ধানের শীষের নির্বাচনী প্রস্তুতিকে পিছিয়ে দিচ্ছে।
অন্যদিকে, জামায়াত প্রার্থী শামীম সাঈদী জরিপে ৭৫ শতাংশ ভোট পেয়ে একটি সংগঠিত ও ঐক্যবদ্ধ সমর্থন দেখাতে সক্ষম হয়েছেন। স্থানীয় পর্যবেক্ষকদের মতে, নির্দিষ্ট একটি ভোট ব্লকের স্থিরতা, পারিবারিক জনপ্রিয়তা এবং তৃণমূলের ধারাবাহিক যোগাযোগই শামীম সাঈদীকে এগিয়ে রাখছে। ফলে সামগ্রিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি যতদিন থাকবে, ততদিন পিরোজপুর-২ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় সুবিধাজনক অবস্থানে থাকতে পারেন।
