পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নেছারাবাদে দলীয় নেতাকর্মী ও অসহায় রোজাদারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পিরোজপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ওয়ালিউল ইসলাম (তুহিন)।
শুক্রবার (২০ মার্চ) তিনি তার নিজ এলাকা নেছারাবাদে এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় তুহিন নিজ উদ্যোগে চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণ কার্যক্রমে স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে মোঃ ওয়ালিউল ইসলাম (তুহিন) বলেন, ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে পারলে তবেই ঈদের আনন্দ পূর্ণতা পায়। আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আমরা শুধু রাজনীতি নয়, মানুষের কল্যাণে কাজ করতে চাই। দলের নেতাকর্মীদেরও আহ্বান জানাই, যার যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা তুহিনের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তার এ ধরনের মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।
উল্লেখ্য, মোঃ ওয়ালিউল ইসলাম (তুহিন) বর্তমানে পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য, স্বরূপকাঠি জাতীয়তাবাদী যুব ফোরামের সহ-সভাপতি, নান্দুহার সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এবং স্বরূপকাঠী সোপান কচিকাঁচার মেলার সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে তিনি নেছারাবাদ উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
