সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রামে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচার চলাকালে মহিলা দলের কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় উপজেলা সদরে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঘটনার পর বিএনপি নেতা মো. ইমাম উদ্দীন তালুকদার নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
ইমাম উদ্দীন তালুকদার অভিযোগ করে বলেন, বছরাকাঠি গ্রামে মহিলা দল ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণের জন্য স্থানীয় কর্মীদের নিয়ে আয়োজিত কর্মসূচিতে তিনি অতিথি হিসেবে উপস্থিত হন। কর্মসূচি শুরু হওয়ার পরপরই দলের আরেক মনোনয়নপ্রত্যাশী আহম্মদ সোহেল মঞ্জুর সুমনের অনুসারীরা সেখানে গিয়ে ‘সন্ত্রাসী’ কায়দায় হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং আতঙ্কে অনেক নারী কর্মী ছুটোছুটি শুরু করেন। হামলাকারীরা ব্যানার ছিনিয়ে নিয়ে লিফলেট ছড়ানো বন্ধ করে দেয় বলেও তিনি দাবি করেন।
এ সময় কর্মসূচিতে থাকা মহিলা দলের নেত্রী মোসাঃ মাসুমা বেগম জানান, আমরা শুধু তারেক রহমানের ৩১ দফা প্রচার করছিলাম। কারও ব্যক্তিগত প্রচার করিনি। হঠাৎই বছরাকাঠি এলাকায় সুমনপন্থী কয়েকজন এসে ব্যানার ছিনিয়ে নেয় এবং নারী কর্মীদের ধাওয়া করে।
স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. উজ্জ্বল হাওলাদার সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক সম্ভাব্য মনোনয়ন পাওয়া মাত্রই সুমনপন্থী অনুসারীরা দলীয় কর্মসূচিতে হামলা চালিয়েছেযা নিন্দনীয়। তিনি আরও বলেন, ৩১ দফার প্রচারে হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে।
নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ (ওসি) বনি আমীন জানান, অভিযোগটি থানায় গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বছরাকাঠি গ্রামসহ পুরো সোহাগদল ইউনিয়নে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে।
