গুয়ারেখা ইউনিয়নে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার জামায়াতে ইসলামীতে যোগদানের ঘটনা এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ নিশ্চিত করেছেন যে গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি জামায়াতের সদস্যপদ ফরম পূরণ করেছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গুয়ারেখা ইউনিয়ন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এলাকাটি হিন্দু-অধ্যুষিত হওয়ায় রাজনৈতিক প্রভাবও ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের পক্ষে ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর কিছু প্রবীণ নেতা ও কর্মীর জামায়াতে যোগদানের আগ্রহ বাড়ছে বলে জানা গেছে।
ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ বলেন, আমাদের সংগঠনে নতুন করে মানুষের আগ্রহ তৈরি হচ্ছে। অনেকে যোগাযোগ করছেন, তবে আমরা যাচাই-বাছাই করেই সদস্যপদ দিই। হিন্দু-অধ্যুষিত এলাকা হলেও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আমাদের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছেন।
তিনি আরও জানান, আব্দুল লতিফ প্রাথমিক সদস্য হওয়ার জন্য ফরম জমা দিয়েছেন। আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তাকে আমাদের সংগঠনের সদস্য হিসেবে ঘোষণা করা হবে।
এ বিষয়ে আব্দুল লতিফ বলেন, বহু বছর আওয়ামী লীগ করেছি। এখন বয়স সত্তরের কাছাকাছি। জীবনের শেষ সময়ে একটি ইসলামি ভাবধারার দলে থাকতে চাই বলেই জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
