করফা বাজারে রাস্তা ও খালের ধার ঘেঁষে গড়ে উঠছে অসংখ্য দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, এই স্থাপনাগুলো অধিকাংশই অবৈধ, কিন্তু প্রশাসনের দৃশ্যমান কোনো তৎপরতা নেই। ফলে দিন দিন বাড়ছে ভোগান্তি, কমছে এলাকাবাসীর নিরাপত্তা ও পরিবেশগত স্বস্তি।
স্থানীয় বাসিন্দারা জানান, বাজার এলাকায় এভাবে দোকানপাট সম্প্রসারণের ফলে মুখ্য সড়কটি সংকীর্ণ হয়ে পড়ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল এবং প্রতিদিনই তৈরি হচ্ছে জটের মতো পরিস্থিতি। জরুরি পরিবহন থেকে শুরু করে সাধারণ পথচারীদের চলাফেরায় তীব্র বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এদিকে খালের পাশে দোকান গড়ে ওঠায় বাড়ছে পরিবেশ দূষণ ও পানি প্রবাহের বাধা। বর্জ্য সরাসরি খালে ফেলার কারণে স্থানীয় জলাধারের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে ।

স্থানীয়দের ভাষ্য, বিষয়টি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরে থাকলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। স্থানীয়দের দাবি, এ ধরনের অবৈধ দোকানপাট শুধু রাস্তা দখলই নয় বরং ভবিষ্যতে বড় ধরনের জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
স্থানীয় জনগণ প্রশাসনের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, করফা বাজারকে পরিকল্পিত ও চলাচলযোগ্য রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ছাড়া উপায় নেই।
