নিজস্ব প্রতিবেদক: ট্রাফিক সার্জেন্টের সিগন্যাল দেখে পালানোর চেষ্টা করতে গিয়ে পথচারীর গায়ে চলন্ত মোটরসাইকেল তুলে দিয়েছেন আতিকুর রহমান (২১) নামের এক যুবক। আহত পথচারি নির্মল দাস (৭০) কে নেছারাবাদ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নেছারাবাদ থানা মোড়ে এ ঘটনা ঘটে। আহত নির্মল দাস নেছারাবাদ উপজেলার জগৎপট্টি এলাকার মৃত. ইশ্বর নারায়ণ চন্দ্র দাসের ছেলে। আটককৃত চালক আতিকুর রহমান একই উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাস্তুকাঠি গ্রামের মো. ফারক খানের ছেলে।
কর্তব্যরত সার্জেন্ট পলিটন জানান, থানার কাছে তিন রাস্তার মোড়ে গাড়ি তল্লাশি চলছিল। একটি মোটরসাইকেলকে সিগন্যাল দিলে সে গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। এসময় চলন্ত অবস্থায় এক পথচারিকে ধাক্কা দেয়। পরে বাইক চালককে আটক করে থানায় পাঠানো হয়েছে।

অভিযুক্ত চালক আতিকুর রহমান দাবি করেন, আমি সিগন্যাল দেখে মোটরসাইকেল থামছিলাম। হঠাৎ দায়িত্বগত এক সার্জেন্ট চলন্ত মোটরসাইকেল হাত দিয়ে ধরতে গেলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। গাড়ির কাগজপত্র ও লাইসেন্স বিষয়ে তিনি জানান, নতুন মোটরসাইকেল কিনেছি, শুধু শোরুম কাগজ ছাড়া অন্য কিছু নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার লিমা আক্তার জানান, আহত নির্মল দাসের ডান হাতের বাহুর হাড়ে বড় আঘাত লেগে ঙেঙ্গে গেছে। এছাড়াও পায়ে আঘাত লেগেছে। তাই বরিশাল পাঠানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, অভিযুক্তকে থানায় আটক করা হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
