পিরোজপুরের দুই প্রার্থীর মনোনয়ন গ্রহণ হয়নি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ধারিত সময়সীমার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হতে না পারায় পিরোজপুরের দুইটি সংসদীয় আসনে দুই রাজনৈতিক দলের প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। সময়মতো উপস্থিত হতে ব্যর্থ হওয়া প্রার্থীরা হলেন, পিরোজপুর-১ (সদর, ইন্দুরকানী ও নাজিরপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ এবং পিরোজপুর-২ (নেছারাবাদ, কাউখালী ও ভান্ডারিয়া) আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনী বিধি অনুযায়ী বিকেল পাঁচটার মধ্যে প্রার্থীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক। নির্ধারিত সময় পার হওয়ার পর কোনো মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই। সংশ্লিষ্ট দুই প্রার্থীই পাঁচটার পরে কার্যালয়ে পৌঁছান বলে তাদের মনোনয়নপত্র গ্রহণ করা সম্ভব হয়নি।

মনোনয়ন জমা দিতে না পারা প্রসঙ্গে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী আনিসুর রহমান মুন্না বলেন, গাড়ি বিকল হয়ে যাওয়ায় তিনি নির্ধারিত সময়ের এক থেকে দুই মিনিট পরে সেখানে পৌঁছান। তবে সময় অতিক্রম করায় তাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন বলেও জানান।

অন্যদিকে, এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাসুম বিল্লাহ বা দলের কোনো দায়িত্বশীল নেতা মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, তিনটি আসন থেকে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *