নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) রাতে নেছারাবাদ উপজেলার দুর্গাকাটি বাজারস্থ মতুয়া মন্দিরে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। প্রার্থনায় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর-২ (কাউখালী–ভান্ডারিয়া–নেছারাবাদ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিসংবাদিত নেত্রী। তাঁর নেতৃত্ব ও সংগ্রামের মাধ্যমে দেশের গণতন্ত্রকে রক্ষা ও পুনরুদ্ধারে যে অবদান তিনি রেখেছেন, তা জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নেত্রী। একজন দৃঢ়চেতা রাষ্ট্রনায়ক হিসেবে দেশের জন্য কাজ করেছেন, যার নেতৃত্ব ও অবদান সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্রকে মজবুত করার পথপ্রদর্শক হিসেবে তাঁর সংগ্রাম ও দৃষ্টান্ত ভবিষ্যতেও উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন এবং তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
