নিজস্ব প্রতিবেদক: ৮নং সমুদয়কাঠি ইউনিয়নে ফ্যাসিস্ট ও দালালমুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ইউনিয়নের শেহাংগল ট্যাম্পু স্ট্যান্ডে ‘নেছারাবাদ উপজেলার ৮নং সমুদয়কাঠী ইউনিয়নের নির্যাতিত তৃণমূল বিএনপি ও স্থানীয় জনসাধারণের মূল দাবি, ‘ফ্যাসিস্ট ও দালাল মুক্ত বিএনপি চাই’ স্লোগানে সভার আয়োজন করা হয়। ৮নং সমুদয়কাঠি ইউনিয়নের তৃণমূল বিএনপি ও সর্বস্তরের জনগণ ব্যানারে ওই সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে যাদের রাজনৈতিক মাঠে দেখা যায়নি, যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ঢাকায় ব্যবসা বাণিজ্যে লিপ্ত ছিলেন এবং নির্যাতিত দলীয় কর্মীদের খোঁজ নেননি। তারা এখন হঠাৎ করে বিএনপির পরিচয়ে সক্রিয় হয়েছেন। বক্তারা আরও বলেন, নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাতকারী ব্যক্তিদের দলে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যা খুবই হতাশা ও দু:খজনক বলে দাবী করেন বক্তারা। সভায় নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অচিরেই এসব ব্যক্তির ‘মুখোশ’ উন্মোচন করা হবে।
সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা মো. রুস্তম সিকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নাছির শেখ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ-এর নেতা পলাশ দাস, নেছারাবাদ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এইচ এম শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাশেদ খান মুন্না, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাইনুল ইসলাম লিটন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম শেখসহ আরও অনেকে।
