ভান্ডারিয়ায় ১০ মন জাটকাসহ দুটি ট্রলার আটক, ৩ জনের কারাদণ্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাতে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে। এ সময় ১০ মন নিষিদ্ধ জাটকা মাছসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কঁচা নদীতে কোস্ট গার্ডের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এফবি মায়ের দয়া ও এফবি সোলায়মান নামের দুটি ট্রলার আটক করে। এ সময় ট্রলারে মজুদ থাকা প্রায় ১০ মন জাটকা মাছ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা আহরণ ও পরিবহন করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে কঁচা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় নদীতে সন্দেহজনক দুটি মাছ ধরার ট্রলার আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাটকা জব্দ করা হয়।

ট্রলারে থাকা জেলে সবুজ হাসন (৩৫), নুরুল ইমন সিকদার (৪২) এবং হাসন খান (২৫) কে গ্রেফতার করা হয়।

আটককৃত তিন জেলেকে ভান্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে উদ্ধারকৃত জাটকা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার বলেন, জাটকা নিধন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং মৎস্য সম্পদ সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কর্মকর্তা মো. রাজু আহম্মদ বলেন, নদী ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *