পিরোজপুরের নেছারাবাদে ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মো. নুরুল ইসলাম মনজুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মে) সন্ধ্যায় স্বরূপকাঠি পৌর বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, নুরুল ইসলাম মনজুর ছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সংগঠক ও দেশপ্রেমিক নেতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় নবম সেক্টরের দক্ষিণাঞ্চলে বেসামরিক প্রধান সংগঠক হিসেবে তিনি অসামান্য ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্ব, দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতা মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
বক্তারা আরও বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে তিনি একজন সৎ ও জনবান্ধব রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সাধারণ মানুষের কল্যাণ, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। রাজনীতিকে তিনি কখনো ব্যক্তিস্বার্থে ব্যবহার করেননি, বরং মানুষের সেবাকেই জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “নুরুল ইসলাম মনজুরের মতো দেশপ্রেমিক নেতা আজ খুবই প্রয়োজন। তাঁর আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে, যাতে তারা দেশপ্রেম, সততা ও মানবিকতার শিক্ষা গ্রহণ করতে পারে।”
বক্তারা তাঁর কর্মময় জীবন ও অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন অত্যন্ত সহজ-সরল ও মানবিক একজন মানুষ। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই ছিল তাঁর জীবনের প্রধান লক্ষ্য। দোয়া মাহফিল শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, যেন তিনি নুরুল ইসলাম মনজুরকে জান্নাতুল ফেরদৌস দান করেন।
পরিবারের পক্ষ থেকেও এদিন গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা জানান, তাঁর আদর্শ ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।
