পিরোজপুরের নেছারাবাদে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের বালা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি গোলাম সরোয়ারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে প্রধান আসামি গোলাম সারোয়ারকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার গোলাম সরোয়ার নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বরছাকাঠী এলাকার মৃত হাবিব গোমস্তার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বরছাকাঠী এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করে বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাদী মো. মাসুদুর রহমানের পরিবারের সঙ্গে আসামিদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে বাদীর ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী তানিয়া বেগম চলাচলের রাস্তা দিয়ে যাওয়ার সময় আসামিরা তার পথরোধ করে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে আসামিরা ওই নারীকে মারধর করেন। ১ নং আসামি গোলাম সরোয়ার তাকে পেটে লাথি মেরে মাটিতে ফেলে দেন এবং পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তার হাতে থাকা এক জোড়া বালা, যার ওজন আনুমানিক এক ভরি ও মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। পরে স্বজন ও স্থানীয়রা এগিয়ে এসে ওই নারীকে উদ্ধার করেন। খবর পেয়ে তার স্বামী তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান।
এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মো. মাসুদুর রহমান নেছারাবাদ থানায় গোলাম সরোয়ারসহ তিনজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ১ নং আসামি গোলাম সরোয়ারকে গ্রেপ্তার করে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় প্রধান আসামি গোলাম সারোয়ারকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।
