নেছারাবাদে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মাঙ্গলিক শোভাযাত্রা ও আলোচনা সভা

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উপলক্ষে মাঙ্গলিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার কুড়িয়ানা এলাকার ভদ্রাংক ঋষিধাম আশ্রমকে উৎসবঅঙ্গন করে এ মাঙ্গলিক শোভাযাত্রার আয়োজন করা হয়।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেছারাবাদ উপজেলা শাখা ও সনাতনী সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও ভক্তরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভদ্রাংক ঋষিধাম আশ্রমে এসে শেষ হয়। এ সময় ভক্তরা ধর্মীয় সংগীত, শঙ্খধ্বনি ও বিভিন্ন মাঙ্গলিক আয়োজনে অংশ নেন। পরে আশ্রম প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নেছারাবাদ উপজেলা শাখার আহ্বায়ক মিলন মিস্ত্রী বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমাদের জন্য অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ একটি দিন। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো সত্য, ন্যায়, মানবতা ও শান্তির পথে চলা। আমরা চাই, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করুক। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “কোনো ধর্মীয় বিভাজন নয়, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধই হোক আমাদের শক্তি। শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণ করে অন্যায়, হিংসা ও বিদ্বেষ পরিহার করে একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উদযাপন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *