জলাবাড়ি প্রতিনিধি: কামারকাঠি গ্রামের মেধাবী শিক্ষার্থী, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী সৃজিতা দাস (১৭) আর নেই। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অল্প বয়সে সম্ভাবনাময় এক শিক্ষার্থীর বিদায় স্থানীয় সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে।
কামারকাঠি নব কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জন করে সৃজিতা ভর্তি হয়েছিল স্বরূপকাঠী শহীদ স্মৃতি কলেজে। মেধা, শিষ্টাচার ও শিক্ষার প্রতি গভীর আগ্রহের কারণে অল্প সময়েই কলেজ শিক্ষকদের নজর কাড়ে সে। বিদ্যালয় জীবনে রচনা, সাংস্কৃতিক আয়োজন ও প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে সে ছিল সবসময় অগ্রগণ্য। নিয়মিত সাফল্যের মধ্য দিয়ে সৃজিতা নিজেকে এক প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী হিসেবে গড়ে তুলছিল।
পড়াশোনার পাশাপাশি স্থানীয় ‘কামারকাঠি অরণি পাঠাগার’ এর সদস্য হিসেবে সে সাংস্কৃতিক ও সাহিত্যচর্চায়ও সক্রিয় ছিল। পাঠাগারের সদস্যরা জানান, কিছুদিন আগেও তুহানসহ কয়েকজন বন্ধুদের সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সৃজিতা উচ্ছ্বাসের সাথে কথা বলেছিল। তার স্বপ্ন ছিল পড়াশোনা, সৃজনশীলতা ও নিজের উন্নতির পথে এগিয়ে যাওয়ার।
অকাল মৃত্যুর খবরে শহীদ স্মৃতি কলেজ পরিবারও শোকাহত হয়েছে। শিক্ষকদের কাছে প্রিয় এই ছাত্রীর প্রয়াণে ক্লাসরুম থেকে পাঠাগার সব জায়গায় বিষাদের ছায়া নেমে এসেছে। অল্প সময়ে শিক্ষকদের হৃদয়ে জায়গা করে নেওয়া সৃজিতা তার প্রজ্ঞা ও ভদ্র আচরণের জন্য সবাইকে মুগ্ধ করেছিল।
সৃজিতা দাস ছিলেন মানস কুমার দাসের একমাত্র কন্যা। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম, সান্তনার ভাষা খুঁজে পাচ্ছেন না কেউ। স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অল্প বয়সে প্রতিভাবান একটি জীবনের এমন অন্তর্ধান এলাকাজুড়ে শূন্যতা তৈরি করেছে। সৃজিতার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু তার মেধা, আচরণ এবং মানবিকতা দীর্ঘদিন মনে রাখবে তার পরিবার, বন্ধু, পাঠাগারসঙ্গী এবং শিক্ষকরা।
