নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। স্থানীয় খামারি, বিভিন্ন পশুপালন সংগঠন, কৃষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাণিজ আমিষের গুরুত্ব এবং পশুপালন খাতের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, গরু, ছাগল, হাঁস-মুরগির মতো প্রাণী আমাদের দেশে আমিষের প্রধান উৎস, আর এই চাহিদা পূরণে খামারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। খামারিরা যে সমস্যাগুলো তুলে ধরেছেন, সরকার সেগুলো সমাধানের জন্য কাজ করছে বলেও তিনি সবার উদ্দেশে জানান।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাপস কুমার ঘোষ বলেন, প্রাণিসম্পদ খাত শুধু খাদ্য নিরাপত্তাই নয়, বেকারত্ব দূরীকরণ এবং স্বাবলম্বিতা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয় পর্যায়ে খামারিদের প্রশিক্ষণ, স্বাস্থ্য সেবা এবং আধুনিক পশুপালন পদ্ধতি ছড়িয়ে দিতে প্রাণিসম্পদ বিভাগ কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রদর্শনীতে স্থানীয় খামারিদের উৎপাদিত বিভিন্ন প্রাণিসম্পদ পণ্য ও খামারসামগ্রী প্রদর্শন করা হয়। দিনব্যাপী এই আয়োজনকে কেন্দ্র করে খামারি ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *