নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের অংশ হিসেবে সারা দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলির তালিকা প্রকাশ করা হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
এই তালিকায় পিরোজপুর জেলায় দায়িত্ব পালনরত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে পিরোজপুরের নতুন পুলিশ সুপার হচ্ছেন মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকি। তিনি বর্তমানে মেহেরপুর জেলার পুলিশ সুপার (বিপি–৭০৮১২২৬৫২) হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে। জেলার সমন্বিত নিরাপত্তা পরিকল্পনায় নতুন এসপির যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে পিরোজপুরের সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে নতুন এসপির দায়িত্বগ্রহণকে ঘিরে আগ্রহ দেখা গেছে। নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এসব বিষয়ে তাঁর নেতৃত্বে প্রস্তুতি আরও দৃশ্যমান হবে বলে স্থানীয় পর্যায়ে প্রত্যাশা তৈরি হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকির যোগদানের পর নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তার সার্বিক পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।
