জগন্নাথকাঠি আমির হাজী বাড়ি এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ওষুধের দোকান ও একটি মুদি দোকানসহ দুইটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে নেছারাবাদ ফায়ার সার্ভিস।
আগুনে ক্ষতিগ্রস্ত ওষুধ ব্যবসায়ী আবুল বাশার জানান, প্রতিদিনের মতো তিনি রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। দোকানের পাশেই তার বাড়ি হওয়ায় রাতে একবার দোকানের সামনে ঘুরে দেখেন। ঘটনার রাতেও একইভাবে দোকান দেখে ঘরে ঢোকেন। কিছুক্ষণ পর রাত আনুমানিক ১২টার দিকে তিনি খবর পান তার দোকানে আগুন লেগেছে।
দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও ততক্ষণে দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে তার প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
আগুন দ্রুত পাশের মন্টু বালির মুদি দোকানে ছড়িয়ে পড়ে। ওই দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ এক লক্ষ টাকারও বেশি বলে জানান স্থানীয়রা। সব মিলিয়ে দুইটি দোকানের মোট ক্ষয়ক্ষতি প্রায় দুই লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় যুবক জাকারিয়া বলেন, রাতের খাবার শেষে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। হঠাৎ চিৎকার শুনে বাইরে এসে দেখেন দোকানগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এলাকাবাসী একসঙ্গে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতায় দোকান দুটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
নেছারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হলেও ততক্ষণে আগুনে দোকান দুটি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক তদন্তে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
