“নতুন কুঁড়ি স্পোর্টস এন্ড ব্যাডমিন্টন” প্রতিযোগিতায় জেলা পর্যায়ে পিরোজপুর জেলার “জেলা চ্যাম্পিয়ন” হওয়ার গৌরব অর্জন করেছে নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নের উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
জয়ী শিক্ষার্থীরা হলো- ১০ম শ্রেণির মহুয়া মিম স্নিগ্ধা এবং ৯ম শ্রেণির সাদিয়া তাসনিম মৌসি। তারা সম্পর্কে সহোদরা এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বেল্লাল হোসেনের কন্যা।
প্রতিযোগিতায় তাদের এই সাফল্যে এলাকায় আনন্দের পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের অভিনন্দন জানিয়েছেন।
শিক্ষার্থীদের পিতা বেল্লাল হোসেন বলেন, “আমার মেয়েরা ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী। পড়াশোনার পাশাপাশি নিয়মিত অনুশীলন করেছে বলেই আজ এই সাফল্য অর্জন করতে পেরেছে। আমি তাদের এই অর্জনে গর্বিত। ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করবে—এই প্রত্যাশা রাখি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু পড়াশোনায় নয়, খেলাধুলাতেও কৃতিত্বের স্বাক্ষর রাখছে। মহুয়া মিম স্নিগ্ধা ও সাদিয়া তাসনিম মৌসির এই অর্জন আমাদের জন্য গর্বের। আমরা আশা করি, তারা আগামী দিনে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও সাফল্য বয়ে আনবে।”
উল্লেখ্য, এই সাফল্যের মাধ্যমে উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয় আবারও জেলার ক্রীড়া অঙ্গনে নিজেদের অবস্থান শক্তভাবে জানান দিল।
