পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আলোচনায় উঠে এসেছে তরুণ নেতা চন্দন চক্রবর্তীর নাম। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তাকে নিয়ে আলোচনা দিন দিন জোরালো হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্ররাজনীতি ও বিভিন্ন সামাজিক সংগঠনে দীর্ঘদিনের সক্রিয় সম্পৃক্ততার মাধ্যমে চন্দন চক্রবর্তী ইতোমধ্যে এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। তার নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ তাকে অন্যদের থেকে আলাদা করেছে বলে মনে করছেন অনেকেই।
বর্তমানে তিনি নেছারাবাদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে দৈহারী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ছাত্র যুব ফ্রন্ট পিরোজপুর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এলাকাবাসীর একটি অংশ মনে করেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে চন্দন চক্রবর্তী ভবিষ্যতে ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের ভাষ্য, “মানুষের পাশে থাকা, সংগঠন পরিচালনার অভিজ্ঞতা এবং নেতৃত্বের দক্ষতার কারণে তিনি চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হতে পারেন।”
এ বিষয়ে সম্ভাব্য প্রার্থী চন্দন চক্রবর্তী বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। রাজনীতি আমার কাছে ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের সেবা করার একটি মাধ্যম। যদি দল ও এলাকার মানুষ আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচকভাবে চিন্তা করবো। আমি চাই দৈহারী ইউনিয়নকে একটি উন্নত, শান্তিপূর্ণ ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে।”
নির্বাচনকে সামনে রেখে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে এলাকায় আলোচনা আরও বাড়বে বলে ধারণা করছেন স্থানীয়রা।
