পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বিজয় অর্জন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন। বিজয়ের পর নিজ ভেরিফাই ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে পিরোজপুর-২ বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “আল্লাহ ধৈর্যশীল ও সত্যের পথে অবিচল থাকা মানুষের সাথেই থাকেন। আপনাদের ভালোবাসা ও আস্থার ফলেই আজকের এই বিজয় সম্ভব হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী পিরোজপুর-২ গড়ার অঙ্গীকার নিয়েই তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং জনগণ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছেন।
বিজয়ের পর কোনো প্রকার উল্লাস বা মিছিল না করার ঘোষণা দেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, “আমরা কোনো বিজয় মিছিল করবো না। সংযম, শালীনতা ও দায়িত্বশীল আচরণই প্রকৃত বিজয়ের সৌন্দর্য।”
পবিত্র জুম্মার দিনের কথা উল্লেখ করে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নামাজ শেষে দেশের কল্যাণ এবং দায়িত্ব পালনে সফলতার জন্য দোয়া করার আহ্বান জানান।
সবশেষে তিনি এই বিজয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রাখা সকল নেতাকর্মী, সমর্থক এবং পিরোজপুর-২ আসনের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
