নিজস্ব প্রতিবেদক: কাউকে ভোট দেওয়া ফরজ নয়, ঈমান নিয়ে মরা ফরজ বলে মন্তব্য করেছেন ছারছীনা শরীফের পীর আমিরে হিজবুল্লাহ হযরত মাওলানা শাহ আবু নছর নেছার উদ্দিন আহমদ হুসাইন বলেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠি গ্রামের জোড়া ব্রিজ সংলগ্ন সুটিয়াকাঠি আলহাজ্ব আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া, হাফেজিয়া মাদ্রাসা ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ২২তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ইসলামের নামে যা খুশি তাই করা যাবে না। আমাদের সবাইকে নবী ও সাহাবায়ে কেরামের ত্বরিকায় চলতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক আকিদা ও আমলের ওপর থেকে এই দুনিয়ায় জীবন পরিচালনা করার তৌফিক দান করেন।
উল্লেখ্য, ছারছীনা শরীফের বাহরে শরীয়ত মোজাদ্দেদে জামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহর প্রথম এবং আলহাজ্ব আব্দুর রউফের পঞ্চম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী এ মাহফিলের আয়োজন করা হয়।
পীর সাহেব বলেন, শুধু সাইনবোর্ডে ইসলাম লিখলে ইসলাম হয় না। ইসলাম হতে হবে আমলে, ইসলাম হতে হবে আকিদায়। তিনি সবাইকে বুঝে-শুনে আগোনোরও আহ্বান জানান।

তিনি বলেন, আল্লাহ সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। অতএব, যে ব্যক্তি সুদ খায় বা সুদকে হালাল মনে করে, তার সঙ্গে চলাও জায়েজ নয়। অথচ এক শ্রেণির মানুষ ইসলামের নামে, দীনের নামে সুদকে হালাল করার চেষ্টা করছে।
ছারছীনা পীর আরও বলেন, “অনেকে ইসলামের শাসন চায়, হযরত ওমর (রা.)-এর শাসন চায়। হযরত ওমর (রা.) ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ শাসকদের একজন। তিনি রাতের আঁধারে একা একা ঘুরে প্রজাদের খোঁজখবর নিতেন। অথচ আমরা এসি ঘরে বসে আরামে থেকে ওমরের শাসন চাই। ইসলাম এত সহজ নয়।
মাহফিলে মাদরাসা থেকে হেফজ সম্পন্নকারী ৫৩ জন হাফেজে কুরআনকে হযরত পীর সাহেব কেবলা দস্তারবন্দি করান। তাদেরকে মাদরাসার পক্ষ থেকে ক্রেস্ট, পাগড়ি, জায়নামাজ ও জামা-পায়জামার কাপড় প্রদান করা হয়।
মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, কাউখালি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহসান হাবিব, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী মোঃ কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
