নিজস্ব প্রতিবেদক: জগৎপট্টি বন্দরের গোশতপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। গভীর রাতে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া দুটি দোকানের একটি স্থানীয় একটি হোটেল এবং অন্যটি মিজান ডেকোরেটরস। যেখানে শুধু ডেকোরেশনের মালামালেই ছিল ২০ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন দোকানের মালিক।
ঘটনার পর স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসের দল এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বিশেষ করে মিজান ডেকোরেটরস এর পুরো দোকানই পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জাহিদুল ইসলাম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষয়-ক্ষতির ব্যাপারে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর আমির আবুল কালাম আজাদ। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে সমবেদনা জানিয়ে বলেন, সরকার ও সমাজের বিত্তবানরা যেন এগিয়ে আসে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়।
