ডিবির অভিযানে ইয়াবাসহ ৫ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক: নেছারাবাদ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ পাঁচজন মাদক বিক্রেতাকে আটক করেছে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পিরোজপুর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তফা শওকত জামানের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাকিবুল ইসলাম রাকুর টিনশেড ভবন থেকে ইয়াবা বিক্রির সময় পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের এস এম হেমায়েত উদ্দিনের ছেলে রাকিবুল ইসলাম রাকু (৪৪), একই ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে বেল্লাল, সাইফুল ইসলাম (৩১), সোহাগ খলিফা (৩৫) এবং বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের আল মামুন মাসুমের ছেলে রাজ বাহাদুর (২৪)।

পরে পিরোজপুর ডিবির এসআই পলাশ বিশ্বাসের দাখিলকৃত এজাহারে এসআই মোস্তফা শওকত জামান বাদী হয়ে আটককৃতদের পিরোজপুর আদালতে প্রেরণ করেন। এ ঘটনায় নেছারাবাদ থানায় মামলা নম্বর–০৭ হিসেবে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে মামলার বাদী এসআই মোস্তফা শওকত জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সোহাগদল ইউনিয়নের বকুলতলা এলাকায় ইয়াবা বিক্রির কার্যক্রম চলছে। পরে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাঁচজন আসামিকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারা অনুযায়ী মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৪০ হাজার টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *