নিজস্ব প্রতিবেদক: ৮নং সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির বেপারীকে মঙ্গলবার সন্ধ্যার পর সেহাংগল বাজার থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে চেয়ারম্যানের স্ত্রী মোসাঃ ফিরোজা বেগম স্বরূপবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে পিরোজপুর ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোন তথ্য পাওয়া যায়নি।
চেয়ারম্যানের স্ত্রী ফিরোজা বেগম জানিয়েছেন, গতকাল বিকেলে হুমায়ুন কবির বাসা থেকে বের হয়ে বাজারে ইউনিয়ন পরিষদের কিছু কাজ করছিলেন। এমন সময় কয়েকজন এসে তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে তাদের সাথে করে নিয়ে যান।
ফিরোজা বেগম এসময় বলেন, তার স্বামীর কোনো অপরাধ নেই। তাকে পিরোজপুর ডিবি অফিসে নেওয়া হয়েছে। তার সঙ্গে কয়েকবার ফোনে কথা হয়েছে।
ইউনিয়নের ১নং ওয়ার্ডের গ্রাম পুলিশ অমল মিস্ত্রী নিশ্চিত করেন তিনিও শুনেছেন , বাজার থেকে ডিবি পরিচয়ে চেয়ারম্যানকে তুলে নেওয়া হয়েছে।
ইউপি সচিব সুবাষ মিস্ত্রী জানান, মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে। তবে কোন কারণে তাকে নেওয়া হয়েছে, তা জানি না।
গ্রেফতার হওয়া হুমায়ুন কবির বেপারী সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
