থাইল্যান্ডে আজীবন ফ্রি চিকিৎসার সুযোগ পেলেন সাংবাদিক গোলাম মোস্তফা

আন্তর্জাতিক পর্যায়ে সম্মানজনক স্বীকৃতি হিসেবে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত থাই রেডক্রস সোসাইটি পরিচালিত চুলালংকর্ন হাসপাতাল থেকে আজীবন ফ্রি চিকিৎসা সেবার জন্য বিশেষ আইডি কার্ড পেয়েছেন বাংলাদেশি সাংবাদিক গোলাম মোস্তফা।

জানা গেছে, চুলালংকর্ন হাসপাতালের থাই রেডক্রস সোসাইটি কর্তৃপক্ষ উন্নত চিকিৎসা সেবার জন্য নির্বাচিত মাত্র পাঁচজনের মধ্যে তাকে এই বিশেষ ফ্রি আইডি কার্ড প্রদান করেছে। এই কার্ডের মাধ্যমে তিনি হাসপাতালের বিভিন্ন উন্নত চিকিৎসা সুবিধা আজীবন বিনামূল্যে গ্রহণ করতে পারবেন। প্রাপ্ত আইডি কার্ড নম্বর (সাধারণ সংখ্যা): 16019-69।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই বিশেষ আইডি কার্ডধারীরা চিকিৎসা গ্রহণের সময় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত, নির্ভুল এবং উন্নত সেবা পান। চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্ডটি রোগীর পরিচয় নিশ্চিতকরণ, চিকিৎসা ইতিহাস সংরক্ষণ এবং দ্রুত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাংবাদিক গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে থাইল্যান্ডের বিশ্বখ্যাত চুলালংকর্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে আসছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং মানবকল্যাণে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সম্মানজনক স্বীকৃতি তার ব্যক্তিগত অর্জনের পাশাপাশি বাংলাদেশের সাংবাদিক সমাজের জন্যও একটি গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, সাংবাদিক গোলাম মোস্তফা এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ও দৈনিক আমার দেশ পত্রিকার নেছারাবাদ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *