নিজস্ব প্রতিবেদক: তাদের (জামায়াতের) উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে জিতে দেশকে অন্যের হাতে তুলে দেওয়া বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি ) সন্ধ্যার পর নেছারাবাদ উপজেলার চিলতলা গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি সনাতনী সম্প্রদায়ের ভোটারদের প্রতি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বানও জানান।
তিনি বলেন, সনাতনী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, “আপনারা ধানের শীষে ভোট দিয়ে পাশে থাকবেন। অনেকের ধারণা, আপনারা সব সময় নৌকার পাশে ছিলেন। এটি আপনাদের রাজনৈতিক অধিকার। আপনারা যেকোনো মার্কার পাশে থাকতে পারেন। কিন্তু সেই মার্কা আজ আর নেই। তাই ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়ন ও দেশের উন্নয়নে অংশীদার হোন।
পথসভায় বিএনপির এই প্রার্থী আরও বলেন, স্বাধীনতার পরাজিত একটি শক্তি নানা কৌশলে ভোট হাতিয়ে নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার স্বপ্নে বিভোর। তাই দেশ ও মাটিকে রক্ষার্থে সবাই বিএনপি চেতনায় উদ্ধুদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিবেন”।
দৈহারী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. মারুফ হোসেনের সভাপতিত্বে ও জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় এসময়ে আরো উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, স্বরূপকাঠি পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপি’র সদস্য সচিব আল-বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক নাসির উদ্দিন তালুকদার, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম লিটু সহ অন্যান্য নেতাকর্মীরা।
