নদীতে বিষ দিয়ে মাছ শিকার করায় তিন জেলের কারাদণ্ড

ভাণ্ডারিয়া প্রতিনিধি: ভাণ্ডারিয়া উপজেলার পোনা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছে কোস্টগার্ড। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী এলাকায় পোনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, উত্তর শিয়ালকাঠী গ্রামের হাফিজুল খান (৩৫), রফিকুল ইসলাম (৩৫) ও কামলা খলিফা (৪৫)।

সকাল ১১টায় ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৩(সি) ধারায় হাফিজুল খানকে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। অপর দুই আসামি রফিকুল ইসলাম ও কামলা খলিফাকে ১৫ দিন করে কারাদণ্ড ও প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার জলজ পরিবেশ ও মৎস্য সম্পদের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *