“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় নেছারাবাদ উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক আয়োজিত অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অমিত দত্ত।
অনুষ্ঠানে পল্লী উন্নয়নের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতির বিকাশ, আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
