বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা কমিটির উদ্দেশ্যে লিখিত আবেদনের মাধ্যমে দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছেন মুহাম্মদ ইমাম উদ্দিন তালুকদার।
আবেদনে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ২৮ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং মূল দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কসহ একাধিক দায়িত্বে ছিলেন বলে জানান।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের প্রায় ১৭ বছরে রাজনৈতিক কারণে একাধিক মামলার আসামি হওয়া ছাড়াও হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন।
ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ২১ জানুয়ারি ২০২৬ ইং তারিখ থেকে বিএনপির সকল কার্যক্রম থেকে অব্যাহতি গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং বিষয়টি পিরোজপুর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ও সদস্য সচিবকে লিখিতভাবে অবহিত করেন।
এ বিষয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
