পিরোজপুরে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা

পিরোজপুর প্রতিনিধি: সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাখুনিয়ারীতে তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও গবেষণা ইনস্টিটিউট এবং ভিশন কেয়ার ফাউন্ডেশন। শুক্রবার স্থানীয় খানাখুনিয়ারী প্রাইমারি স্কুল মাঠে দিনব্যাপী এই ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি এবং হারান উল্লাহ ফকির (রহ.) ট্রাস্টের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ ক্যাম্পের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম মন্ডল। তিনি স্থানীয় জনগণের সঙ্গে দেখা করে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং ভবিষ্যতে আরও এ ধরনের উদ্যোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মজুমদার গোলাম রাব্বীর নেতৃত্বে সাত সদস্যের একটি দল। ক্যাম্পে রোগীদের চোখের সাধারণ পরীক্ষা, প্রেসক্রিপশন, ওষুধ প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। বেশিরভাগ রোগীর ছানি, মাংস বৃদ্ধি, কম দেখার সমস্যা এবং নেত্রনালীর জটিলতা শনাক্ত হয়েছে। যাদের অস্ত্রোপচার প্রয়োজন তাদেরকে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থার আশ্বাস দেন চিকিৎসকরা।

স্থানীয়ভাবে এ ধরনের উচ্চমানের চিকিৎসা সেবার আয়োজন হওয়ায় খানাখুনিয়ারী ও আশপাশের এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *