পিরোজপুর-২ আসনে সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে নেছারাবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত নয়টার দিকে সুটিয়াকাঠি ইউনিয়নের স্থানীয় ব্যানারে আয়োজিত এ মিছিলটি মিয়ারহাট এলাকা থেকে শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মিছিলে অংশ নেওয়া অনেকেই অভিযোগ করেন, বারবার জামানত হারানো একটি পরিবারকে প্রার্থী করা হচ্ছে, যা বিএনপির জন্য ঝুঁকি তৈরি করবে। তাদের দাবি, মাহমুদ হোসেনকে মনোনয়ন দিলে এই আসনে বিএনপি নিশ্চিত বড় ব্যবধানে জয় পাবে।
মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেন বলেন, শুনেছি স্থানীয় নেতাকর্মীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন। তারা সুমন মঞ্জুরকে প্রার্থী হিসেবে চান না। স্থানীয় নেতাদের দাবি দলের হাইকমান্ড নিশ্চয়ই বিবেচনায় নেবে।
একইভাবে মনোনয়ন প্রত্যাশী মো. ফকরুল আলম বলেন,দল থেকে যাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়। আমি মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন পাওয়ার আশা রাখি।
মিছিল ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি শান্ত থাকে। স্থানীয়ভাবে এই কর্মসূচিকে বিএনপির ভেতরের মনোনয়ন-আলোচনার চাপ হিসেবে দেখা হচ্ছে। তফসিল ঘোষণার আগে আরও এমন কর্মসূচি হতে পারে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।
