মানোন্নয়ন তালিকায় ‘সি’ ক্যাটাগরিতে স্বরূপকাঠি সরকারি কলেজ

নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি কলেজগুলোর মানোন্নয়ন ও শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে চারটি ক্যাটাগরিতে বিভক্ত তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ–৫ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তালিকা প্রকাশিত হয়। এতে স্বরূপকাঠি সরকারি কলেজকে ‘সি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের মোট ৭০৮টি সরকারি কলেজকে শিক্ষার্থী সংখ্যা, অনার্স বিভাগের বিষয়সংখ্যা, অবকাঠামো ও একাডেমিক কার্যক্রমের ওপর ভিত্তি করে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ এই চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ‘সি’ ক্যাটাগরিতে রয়েছে সর্বাধিক ৪৪৬টি কলেজ। এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত কলেজগুলোর শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার এবং অনার্স বিষয়ে ১ থেকে সর্বোচ্চ ৪টি বিষয় পড়ানো হয়। স্বরূপকাঠি সরকারি কলেজও একই মানদণ্ডে এই তালিকায় স্থান পেয়েছে এবং তালিকায় এর সিরিয়াল নম্বর ২৮।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই শ্রেণিবিন্যাসের উদ্দেশ্য হলো কলেজগুলোর একাডেমিক মান, শিক্ষক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত করা। উচ্চমানের কলেজগুলো উন্নত সুবিধা পাবে, আর ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির কলেজগুলোকে উন্নয়নের জন্য বিশেষ নজরে আনা হবে।

স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা মনে করছেন, স্বরূপকাঠি সরকারি কলেজের ‘সি’ ক্যাটাগরিতে স্থান পাওয়া ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনার সুযোগ তৈরি করবে। বিশেষ করে অনার্সের বিষয়সংখ্যা বৃদ্ধি, শিক্ষক সংকট নিরসন এবং অবকাঠামোগত উন্নয়ন হলে কলেজটি দ্রুতই ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হতে পারে বলে আশা প্রকাশ করেছেন তারা।

কলেজের তালিকা দেখুন এখানে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *