পিরোজপুরের ইন্দুরকানীর পাড়েরহাট ইউনিয়নের উত্তর বাড়ইখালী গ্রামে গভীর রাতে এক বসতঘরে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রনজিত দাস (৪৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একদল দুর্বৃত্ত রনজিত দাসের বসতঘরে হঠাৎ হামলা চালায়। এ সময় তারা ঘরে থাকা বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে যায়। রনজিত দাস বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা জানান, গভীর রাতে ‘আগুন আগুন’ বলে চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে গুরুতর আহত অবস্থায় রনজিত দাসকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
