পিরোজপুরের জিয়ানগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ: ওদুদ খান (৪৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আ: ওদুদ খান উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামের মৃত মোক্তার আলী খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ির নির্মাণাধীন ভবনে মোটরের মাধ্যমে পানি দিচ্ছিলেন ওদুদ খান। একপর্যায়ে মোটরে পানি ওঠা বন্ধ হয়ে গেলে তিনি বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই মোটরটি মেরামতের চেষ্টা করেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামিম হাওলাদার জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
