নেছারাবাদে পেট্রোলের দামে আগুন, নজরদারির অভাবে বাড়ছে অনিয়ম

পিরোজপুরের নেছারাবাদে পেট্রোলের চরম সংকট দেখা দিয়েছে। উপজেলার পেট্রোলের দোকানে প্রতি লিটার ১৫০ থেকে ১৭০ টাকা দামে পেট্রোল বিক্রি হচ্ছে, যা স্থানীয়দের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সরকারিভাবে জ্বালানি তেলের সংকট না থাকার দাবি করা হলেও, নেছারাবাদে এর চিত্র পুরোপুরি ভিন্ন। দোকানিরা নিজেদের খেয়াল-খুশি মত দাম বৃদ্ধি করে পেট্রোল বিক্রি করছেন।

জানাগেছে, নেছারাবাদে কোনও পেট্রোল পাম্প না থাকায় উপজেলার ৩৩টি বাজারে দুই শতাধিক পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির দোকান রয়েছে। তবে, অধিকাংশ দোকানের কাছে লাইসেন্স বা সনদ নেই। স্থানীয় ব্যবসায়ীরা ঝালকাঠি জেলার ডিপো থেকে তেল কিনে এনে বিক্রি করেন। গত সপ্তাহ থেকে দোকানিরা নানা অজুহাতে তেলের সংকটের কথা বলে প্রতি লিটার ১৫০ থেকে ১৭০ টাকা দামে পেট্রোল বিক্রি করছেন। এমনকি কিছু দোকানে কোমল পানীয়ের বোতলে পেট্রোল ভরে বিক্রি করা হচ্ছে, যা বেশিরভাগ ক্ষেত্রে ওজনেও কম দেওয়া হচ্ছে।

আউরিয়া গ্রামের মটরসাইকেল চালক মো. মিজান অভিযোগ করেন, বিভিন্ন বাজারে একযোগে দাম বৃদ্ধি হয়েছে। মাহমুদকাঠি বাজারে ১৫০ টাকা লিটার, আবার ইন্দেরহাটে ১৭০ টাকা লিটার দামে বিক্রি হচ্ছে। তিনি জানান, কিছু দোকানে তেল থাকলেও, পরিচিতজনদের ছাড়া অন্যদের তেল বিক্রি করা হচ্ছে না। এমনকি অপরিচিত ক্রেতাদের ১৯০ থেকে ২০০ টাকায়ও পেট্রোল বিক্রি করা হচ্ছে।

মাহমুদকাঠি বাজারের পেট্রোল বিক্রেতা মো. শামিম হোসেন জানান, ঝালকাঠি ডিপো থেকে প্রতি লিটার ১৩৫ টাকা দামে তেল কিনে আনেন। কিন্তু তেলের সংকটের কারণে তারা ১৫০ টাকা লিটার দামে বিক্রি করছেন। এমনকি ডিপো থেকে ওজনে তাদের তেল কম দেওয়া হচ্ছে বলে দাবি করেন।

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ জানান, এমন অভিযোগ তাদের কাছে এসেছে এবং শীঘ্রই অভিযান চালানো হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *