নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেছারাবাদ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) লঞ্চযোগে তারা স্বরূপকাঠি ত্যাগ করেন। এ ছাড়া বাসযোগেও অনেক নেতাকর্মী রাজধানীর উদ্দেশ্যে রওনা হয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে বিএনপি রাজধানীতে গণসংবর্ধনার আয়োজন করেছে। এ সংবর্ধনা উপলক্ষে নেছারাবাদ উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলে দলে ঢাকায় যাচ্ছেন।
প্রায় দেড় যুগ পর আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় গণসংবর্ধনার প্রস্তুতি চলছে। বুধবার সকালে মঞ্চ এলাকা ঘুরে দেখা গেছে, কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের আশপাশের সড়কের দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে।
কুড়িল মোড় থেকে কিছু দূরে সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে প্রায় ৪৮ ফুট বাই ৩৬ ফুট আকারের একটি বিশাল মঞ্চ। ইতিমধ্যে মঞ্চের মূল কাঠামোর কাজ শেষ হয়েছে। এখন সাজসজ্জার কাজ চলমান রয়েছে।
