বলিহারী গ্রামের মনজুরুল হকের ছেলে জুনায়েদ সাকী পিয়াল (৩৭) আর ঘরে ফিরলেন না। ঢাকায় কর্মস্থল থেকে স্ত্রীকে দেখতে যাওয়ার পথে তার যাত্রার শেষ হলো নওগাঁ জেনারেল হাসপাতালের গেটের সামনে, বেওয়ারিশ মরদেহ হিসেবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের প্রধান ফটকের সামনে একটি হলুদ রঙের পিকআপ থেকে তার মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় চালক ও হেলপার। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহটি উদ্ধার করে জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত জুনায়েদ সাকী পিয়াল ঢাকা কাস্টমসে কর্মরত একজন সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি ঢাকা থেকে ট্রেনে করে সান্তাহার রেলস্টেশনে নামেন। সেখান থেকে নওগাঁর মহাদেবপুরে অবস্থানরত স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল তার। কিন্তু ভোরে ট্রেন থেকে নামার পর তিনি আর গন্তব্যে পৌঁছাননি।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে দ্রুতগতিতে একটি পিকআপ হাসপাতালের সামনে এসে থামে। চালক ও তার সহযোগী তাড়াহুড়ো করে মরদেহটি নামিয়ে রেখে কোনো কথা না বলেই ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়।
