“নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন-২০২৬” প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ে সাফল্য অর্জন করে বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী।
তারা হলো— বিদ্যালয়ের সহোদরা দুই শিক্ষককন্যা মহুয়া মিম স্নিগ্ধা (১০ম শ্রেণি, রোল-০১) এবং সাদিয়া তাসনিম মৌসি (৯ম শ্রেণি, রোল-০১)। তাদের এ অর্জনে বিদ্যালয়জুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
জানা গেছে, কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তারা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ অর্জন করেছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও তারা সমানভাবে কৃতিত্ব দেখিয়ে সহপাঠীদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বলেন, “প্রধান শিক্ষক হিসেবে আমি গর্বিত। ওরা যেমন পড়াশোনায় মেধাবী, তেমনি খেলাধুলাতেও অসাধারণ। বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি তাদের মা-বাবার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ে যেন তারা চ্যাম্পিয়ন হতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করছি।
এ বিষয়ে অত্র স্কুলের নবাগত সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, “উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে, এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মহুয়া মিম স্নিগ্ধা ও সাদিয়া তাসনিম মৌসির এই কৃতিত্ব শুধু আমাদের বিদ্যালয়ের নয়, পুরো নেছারাবাদ উপজেলার জন্য সম্মানের। আমি বিশ্বাস করি, তারা জাতীয় পর্যায়েও তাদের সেরা পারফরম্যান্স উপহার দিয়ে চ্যাম্পিয়ন হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সকলের কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করছি।”
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা তাদের এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং জাতীয় পর্যায়েও তারা সফলতা অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
