আজিজুল ইসলাম, চিফ রিপোর্টার
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের হরিহরকাঠি গ্রামে প্রায় শতবর্ষী একটি চলাচলের রাস্তা বন্ধ করে টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে। এতে অন্তত ২০টি পরিবারের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামবাসী ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি ওই পথের ওপর টয়লেট নির্মাণ করায় সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যায়, ফলে ভুক্তভোগী পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়েছেন। এ ঘটনায় স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। পাশাপাশি বিষয়টি থানায় জানানো হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও দাবি তাদের।
শনিবার (১৬ মে) সকালে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে স্থানীয়ভাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শালিসদার মোঃ রুহুল আমীন, ইউপি সদস্য মোঃ শাহাদাৎ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, রাস্তা রক্ষার দাবিতে কথা বলায় তাদের বিরুদ্ধে “চাঁদাবাজ” আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
তারা দাবি করেন, গ্রামের স্থানীয় শিক্ষক মোঃ ফারুক হোসেন শালিসদার ও ভুক্তভোগী পরিবারগুলোর বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন।
শালিসদার মোঃ রুহুল আমীন বলেন, “এই রাস্তা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি দীর্ঘ প্রায় শত বছর ধরে এলাকার সাধারণ মানুষের চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে সেখানে টয়লেট নির্মাণ করা সম্পূর্ণ অন্যায় ও অগ্রহণযোগ্য। এতে অন্তত ২০টি পরিবারের মানুষ চরম দুর্ভোগে পড়েছে। আমরা স্থানীয়ভাবে একাধিকবার শালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, কিন্তু দুঃখজনকভাবে এখনো কোনো কার্যকর সমাধান হয়নি। বরং যারা রাস্তা রক্ষার দাবি তুলেছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যা খুবই দুঃখজনক। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই এবং অবিলম্বে বিষয়টি তদন্ত করে জনগণের চলাচলের এই গুরুত্বপূর্ণ রাস্তা পুনরুদ্ধার করা হোক এবং যারা বেআইনিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তিনি আরো বলেন, একটি স্বার্থন্বেষী মহল এই বিষয়টিকে অন্যদিকে প্রভাবিত করার জন্য কথিত সাংবাদিকদের মাধ্যমে ফেসবুক পেজে বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। এই অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বক্তারা দ্রুত বিষয়টি তদন্ত করে রাস্তা পুনরুদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
