নেছারাবাদে উন্নয়ন প্রকল্প ঘুরে দেখলেন বিএনপি নেতা শামসুল হক দিপু

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন বিএনপি নেতা শামসুল হক দিপু। এ সময় তিনি জানান, ইউনিয়নে ইতোমধ্যে ১৫টি উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে এবং চলমান প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি বলেন, “পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমনের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নেছারাবাদ উপজেলাজুড়ে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। উপজেলার মোট ১৫০টি উন্নয়ন প্রকল্পের কাজ বর্তমানে চলছে, যার অধিকাংশই শেষ পর্যায়ে।”

তিনি আরও বলেন, “নদী ভাঙন রোধে শহীদ বাজার এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে, যা খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। এছাড়া জলাবাড়ি, ছারছিনা ও আমরাজুড়ি এলাকায় ইতোমধ্যে জিও ব্যাগ ফেলার কাজ সম্পন্ন হয়েছে, ফলে এসব এলাকার মানুষ ভাঙনের ঝুঁকি থেকে অনেকটাই রক্ষা পাবে।”

শামসুল হক দিপু বলেন, “সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং নেছারাবাদকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করা হবে।”

স্থানীয়রা জানান, চলমান উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা, নদীভাঙন প্রতিরোধ এবং সার্বিক জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *