মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আতিকুল ইসলাম লিটু। এর অংশ হিসেবে উপজেলার ৯ নং সুটিয়াকাঠী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে স্থানীয় ক্লাব, যুবক ও শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছেন তিনি।
তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা। তাদের মতে, একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ফুটবল বিতরণকালে আতিকুল ইসলাম লিটু বলেন, “বর্তমান সময়ে মাদকের ভয়াবহ বিস্তার তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণদের সুস্থ বিনোদন এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
তিনি আরও বলেন, “ক্রীড়া যখন হবে তারুণ্যের নেশা, তখন পরিবার পাবে ভরসা। আমাদের লক্ষ্য একটি মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলা। তরুণরা যদি খেলাধুলায় মনোযোগী হয়, তাহলে তারা মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকবে এবং নিজেদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে পারবে।”
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর নির্ভর না করে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আতিকুল ইসলাম লিটু বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মাদকমুক্ত স্বরূপকাঠী এবং সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
এদিকে, যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, তরুণদের হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেওয়া নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী হবে।
“খেলাধুলায় হোক তারুণ্যের জয়, মাদকমুক্ত হোক স্বরূপকাঠীর প্রতিটি যুবসমাজ”—এই প্রত্যয়কে সামনে রেখে সুটিয়াকাঠী ইউনিয়নজুড়ে আতিকুল ইসলাম লিটুর এ উদ্যোগ অব্যাহত রয়েছে।
