বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমী প্রাঙ্গণে নেছারাবাদ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ফকরুল আলম, সাবেক সদস্য সচিব আলহাজ্ব আবদুল্লাহ আল বেরুনীর সৈকত, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ খোন্দকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসী অবদান, রাষ্ট্রগঠন, অর্থনৈতিক উন্নয়ন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়া ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের অন্যতম রূপকার এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ তুলে ধরতে হবে এবং তাঁর দেখানো পথে চলেই গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা এবং পরবর্তী সময়ে দেশের পুনর্গঠনে তাঁর দূরদর্শী নেতৃত্ব জাতির জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশের রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি করেছিলেন এবং জনগণের ক্ষমতায়নের পথ সুগম করেছিলেন। তাঁর গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ড, বিশেষ করে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার উদ্যোগ আজও প্রাসঙ্গিক।
প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মের উচিত শহীদ জিয়ার আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, সততা ও ন্যায়বিচারের চেতনায় উদ্বুদ্ধ হওয়া। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।
আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
