নেছারাবাদে পৃথক উপজেলা গঠনের দাবিতে সংবাদ সম্মেলন

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের ছয়টি ইউনিয়ন নিয়ে পৃথক উপজেলা গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত ও অনুন্নত অবস্থায় থাকা এসব ইউনিয়নের জনগণের জন্য সরকারি হাসপাতাল, থানা, ফায়ার সার্ভিস, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, টেলিযোগাযোগ সুবিধা এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে এ দাবি উত্থাপন করা হয়।

শনিবার (৩০ মে) বিকেলে নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে মিয়ারহাট বন্দর ব্যবস্থাপনা কমিটির সভাকক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় সমাজসেবক ও সংগঠক মো. জিয়াউল হক লিটু।

তিনি বলেন, সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের ছয়টি ইউনিয়নের জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। উপজেলা সদর থেকে ভৌগোলিক দূরত্ব এবং যাতায়াত ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তিনি আরও বলেন, জরুরি চিকিৎসাসেবা, আইনশৃঙ্খলা রক্ষা, অগ্নিনির্বাপণ, শিক্ষা এবং প্রশাসনিক সেবা গ্রহণের ক্ষেত্রে এলাকার মানুষকে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। ফলে পশ্চিম পাড়ের ছয়টি ইউনিয়ন নিয়ে একটি নতুন উপজেলা গঠন এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এসময় তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মো. আনিছুল ইসলাম ডন, মো. জাহিদ হোসেন, মো. মোস্তাফিজুর রহমান রিপন, মো. মনিরুজ্জামান, সুরঞ্জিত বিশ্বাস, আব্দুস সালাম, মো. মনিরুল বারী, মো. জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, পৃথক উপজেলা গঠিত হলে এলাকার জনগণ সহজে ও দ্রুত সরকারি সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদ সম্মেলন থেকে বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নেছারাবাদ উপজেলার পশ্চিম পাড়ের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘স্বরূপকাঠী উপজেলা’ নামে একটি নতুন উপজেলা ঘোষণার জোর দাবি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *