পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে চলমান একটি সরকারি সড়ক উন্নয়ন প্রকল্পে ব্যবহারের জন্য রাখা বিপুল পরিমাণ ইট চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের নিপা এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার আবেদন করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, পিরোজপুর এলজিইডির অধীনে বলদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কাটাখালী হাট হয়ে চৌদ্দারশী বাজার পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে। প্রকল্পের আওতায় একাধিক আরসিসি বক্স কালভার্ট নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের অতিরিক্ত পরিচালক জানান, প্রায় সাত থেকে আট দিন আগে সরকারি উন্নয়নকাজে ব্যবহারের জন্য সংরক্ষিত বিপুল পরিমাণ ইট চুরি হয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি অভিযোগ করেন, বলদিয়া ইউনিয়নের বয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইব্রাহিম খলিল ওই ইট নিয়ে যান।
তিনি আরও বলেন, সরকারি প্রকল্পের নির্মাণসামগ্রী চুরির ঘটনায় কাজের স্বাভাবিক অগ্রগতি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে সরকারি উন্নয়নমূলক কাজ নির্বিঘ্নে বাস্তবায়নের স্বার্থে প্রয়োজনীয় আইনগত সহায়তা চেয়ে নেছারাবাদ থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করা হয়েছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী রুহুল আমিন সহ একাধিক লোক জানান, ভোর ছয়টার দিকে কিছু লোক এলেম উদ্দিন তালুকদার বাড়ি সামনে রাস্তার পাশে কবরস্থানের কাছে রাখা ছিল সেই ইট গুলো নিয়ে গেছে। এগুলোতো ঠিক হয়নি, আমারা নিষেধ করলেও তারা নিয়ে গেছে।
এ বিষয় বলদিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ জানান, এটা কোন ভাবেই কাম্য নয় এটা দুঃখ জনক বিষয়, যারা ইট চুরি করে নিয়ে গেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিৎ।
এ বিষয় অভিযুক্ত ইব্রাহিম খলিলের কাছে জানার জন্য তার ব্যবহারীত নম্বরে একাধিক বার কল দিলে সে রিসিভ করেনি৷
নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ মেহেদি হাসান জানান, নিপা এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে একটা ইট চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
