নিজস্ব প্রতিবেদক: পাখি শিকারের দায়ে এক ফল ব্যবসায়ীকে জরিমানা ও কঠোর সতর্কবার্তা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার সোহাগদল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি এলাকার বাসিন্দা ফল ব্যবসায়ী আলাউদ্দিন মিয়াকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ধারা ৩৮(২) ও ৪১ অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান মাহমুদ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।
