পিরোজপুরে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ৩ লাখ টাকা

পিরোজপুর সদর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একটি ইটভাটার আগুনও নিভিয়ে দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে সদর উপজেলার হুলারহাট এলাকায় অবস্থিত ‘রাহি ব্রিকস’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ইট পোড়ানোর কাজে অবৈধভাবে জ্বালানি কাঠ ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশ দূষণ রোধে ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়।

অভিযান চলাকালে একই উপজেলার ‘মেসার্স অভি ব্রিকস’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫(১), ৫(২) ও ১৫(১) ধারা অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আল আসিফ ও ফারদীন মনীর অর্ণব। এ সময় পরিবেশ অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক নিখিল চন্দ্র ঢালী, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ‘জিরোটলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। আইন অমান্য করে পরিচালিত যেকোনো ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *